
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, তথ্য সংগ্রহকারীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচয়পত্র যাচাই না করে কাউকে কোনো তথ্য না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
জরিপ কার্যক্রম চলাকালে পরিবারের নারী সদস্যদের নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জরিপের সময় নিজের জাতীয় পরিচয়পত্র, পরিবারের অন্যান্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র, শিশুদের জন্মনিবন্ধন সনদ এবং নিজের মোবাইল নম্বর সঙ্গে রেখে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।
এ ছাড়া ফ্যামিলি কার্ডের জরিপের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। কর্মসূচির তথ্য সংগ্রহের ক্ষেত্রে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।























