
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী এলাকার বিভিন্ন ফলের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফলের দোকানগুলোতে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপির আশঙ্কা তৈরি করে এমন অতিরিক্ত ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া, অভিযানের অংশ হিসেবে এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও মনিটরিং করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























