
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামি আল আমিন ছৈয়ালকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের র্যাব-১১-এর কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার আল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের উত্তর চর রমণী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে রাত আড়াইটার দিকে উত্তর চর রমণী গ্রামের ওই প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আল আমিন তাকে জোরপূর্বক ধরে বাড়ির পাশের একটি সুপারি বাগানে নিয়ে যান। ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আল আমিন এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারের পর আল আমিনকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।























